English
Housewife Dies of Measles-like Symptoms in Alikadam, 94 Patients Hospitalized
চট্টগ্রাম / বান্দরবান / আলীকদম
১৫ মে ২০২৬

আলীকদমে হামের উপসর্গে গৃহবধূর মৃত্যু, আক্রান্ত বেড়ে হাসপাতালে ৯৪ রোগী

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গজনিত ডায়রিয়ায় আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত গৃহবধূ সংপ্রং ম্রো (১৮) উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দওলাপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগেই তাঁর বিয়ে হয়েছিল।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, প্রায় এক সপ্তাহ আগে সংপ্রং ম্রোর জ্বর ও হালকা কাশি শুরু হয়। তবে দুর্গম এলাকায় সড়ক ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে ডায়রিয়া শুরু হলে তাঁর অবস্থার অবনতি ঘটে। পরে শুক্রবার সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফ বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় সংপ্রং ম্রোকে হাসপাতালে আনা হয়েছিল। হামের উপসর্গজনিত ডায়রিয়ায় অতিরিক্ত পানিশূন্যতা ও দুর্বলতার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার একই ইউনিয়নের এক বছরের শিশু তুমরাও ম্রোও হামের উপসর্গ নিয়ে মারা যায়। সরকারি হিসাবে উপজেলায় এখন পর্যন্ত হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের দাবি, প্রকৃত মৃত্যুর সংখ্যা সাতজন।

স্থানীয় সংগঠন ‘ম্রো ইয়ুথ অর্গানাইজেশন’-এর সভাপতি সেথং ম্রো জানান, কুরুকপাতা ইউনিয়নের অধিকাংশ ম্রো জনগোষ্ঠী দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় বসবাস করেন। দেড় মাস ধরে স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরা কাজ করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬৮ জনসহ মোট ৯৪ জন রোগী ভর্তি ছিলেন। গুরুতর অসুস্থ সাতজনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বান্দরবানের সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী বলেন, সরকারি হিসাবে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের চিকিৎসায় কোনো ঘাটতি নেই এবং ৩১ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীদেরও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য এর পাঠক প্রিয়